হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা তিন ঘণ্টা পর গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা তিন ঘণ্টা পর গ্রেপ্তার
গ্রেপ্তার সাব্বির শেখ। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আওয়ামী লীগ নেতাকে তিন ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগও উঠেছে।

Advertisement

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাব্বির শেখকে (৩৫) বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠকের সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে এসআই রাজ্জাক, এসআই শরিফুলসহ পুলিশের একাধিক সদস্য অংশ নেন। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নিজ বাড়ি থেকে সাব্বির শেখকে আটক করে তার দুই হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তার পরিবারের সদস্য ও সমর্থকদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে এসআই রাজ্জাক গুরুতর আহত হন। হামলার সুযোগে হাতকড়া পরিহিত অবস্থায় সাব্বির শেখ পালিয়ে যান।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে একাধিক দল অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে বীরতারা বাজার এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।