স্ত্রী ডলার-কাগজপত্র নিয়ে উধাও, থানায় চীনা স্বামীর অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।
সোমবার (২২ জুন) রাতে অভিযোগ নিয়ে ফুলবাড়ী থানায় যান ওই চীনা নাগরিক। তবে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানিয়ে তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইয়ের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে এলে তাকে দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। এ সময় এলাকায় উৎসুক মানুষের ভিড়ও জমে।
এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানা গেছে। এ কারণে ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাষাগত সমস্যার কারণে অভিযোগকারীর বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারার মাধ্যমে তিনি অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছেন।






