ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্র ভাঙচুর

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। প্রতিরোধ করতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। সেখানে পরীক্ষায় অংশ নেন চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা। পরীক্ষা শুরু হলে কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়।
পরীক্ষার্থীদের অনেকের প্রশ্ন কমন পড়েনি। একে অপরের সহযোগিতার চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা বাধা দেন। এ নিয়ে পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরীক্ষা শেষে শতাধিক পরীক্ষার্থী কলেজের গেট ভাঙচুর করেন। পরে অধ্যক্ষের রুমে গিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ এলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোফ জানান, প্রশ্ন কঠিন হওয়ায় শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হয়নি। পরীক্ষার হলে কড়া গার্ড থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ সৃষ্টি হয়। পরীক্ষা শেষে তারা একত্রিত হয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।





