logo

ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির বাড়িতে শোকের মাতম

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
ইসরায়েলি হামলায় নিহত ২ বাংলাদেশির বাড়িতে শোকের মাতম
নিহত শফিকুল ইসলাম (বাঁয়ে) ও নাহিদুল ইসলাম (ডানে)। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

সাতক্ষীরার দুই প্রবাসী লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক সিরিয়ার নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে হামলার সময় তাদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, সোমবার দুপুর প্রায় ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

নিহত নাহিদুল ইসলামের দাদা সিরাজুল ইসলাম বলেন, খুব অল্প বয়সে ভালো ভবিষ্যতের আশায় সে বিদেশে গিয়েছিল। কিন্তু তার মৃত্যুতে সব স্বপ্ন ভেঙে গেছে। পরিবারে বড় শূন্যতা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানাচ্ছি।

ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। বিদেশ থেকে মরদেহ আনতে কিছু প্রক্রিয়া রয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।