নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বাড়বকুণ্ড আনোয়ারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন জয়পুরহাটের বাসিন্দা রোজি আক্তার (৬০) ও তার মেয়ে নাজমা খাতুন (৪২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের বাড়বকুণ্ড আনোয়ারা এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুত ও বিলবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রোজি আক্তার ও নাজমা খাতুন মারা যান।
দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং বার আউলিয়া হাইওয়ে থানায় খবর দেন। পরে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চারজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন ও তাদের দুই ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান জানান, আসলাম হোসেন তার স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলেসহ মোট ছয়জনকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানের লামা উপজেলায় এক নিকটাত্মীয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
