logo

সিলিন্ডার বিস্ফোরণ/বাবা-মায়ের পর প্রাণ গেল ১৬ বছরের তানিশারও

বাবা-মায়ের পর প্রাণ গেল ১৬ বছরের তানিশারও
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর মারা গেছে তাদের একমাত্র মেয়ে তানিশা (১৬)। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার পর একই পরিবারের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন।

এর আগে বুধবার রাত ৮টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিশার বাবা লাল চান মিয়া (৬০) ও মা নাসিমার (৫০) মৃত্যু হয়। শুক্রবার সকালে মেয়ে তানিশার মৃত্যুর খবরও নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

টঙ্গীর মুদাফা এলাকার ভাড়া বাসায় বুধবার সকাল ৭টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই দম্পতির মৃত্যু হয়।