logo

যুবলীগ নেতার কামড়ে এসআই আহত

যুবলীগ নেতার কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় সুজন হাওলাদার নামে এক যুবলীগ নেতার কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত সুজন হাওলাদার (৩০) চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা-পুলিশের একটি দল উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আটটি ইয়াবাসহ সুজন হাওলাদারকে আটক করা হয়। এ সময় সুজন এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে রতন চন্দ্র আহত হন। তবে সুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে আটটি ইয়াবাসহ সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।