logo

কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন একজন শিক্ষার্থী

কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন একজন শিক্ষার্থী
রাজশাহীর পুঠিয়ায় বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান শিক্ষামন্ত্রী। এ সময় শ্রেণিকক্ষে উপস্থিত এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে জানতে চান তিনি।

Advertisement

মন্ত্রী প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক জানান, ক্লাসে মাত্র একজন ছাত্রী উপস্থিত রয়েছে। কলেজে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন ওই একজন ছাড়া আর কেউ আসেনি বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ক্লাসে আসার আগ্রহ কম। অনেক সময় ফোন করে তাদের ক্লাসে আনতে হয়। এ ছাড়া নির্ধারিত সময়ে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের অনেকেই শ্রেণিকক্ষে প্রবেশ করে না।

এ সময় মন্ত্রী ক্লাসের নির্ধারিত সময় কখন এবং অন্যান্য শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কোথায় তা জানতে চান। শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে কলেজের শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।