logo

এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। ছবি: এশিয়া পোস্ট

দেশের মানুষকে দক্ষ করে গড়ে তুলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করা হচ্ছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে যেতে গিয়ে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার বিষয়ে নুরুল হক বলেন, অনেক মানুষ বিদেশে যাওয়ার সময় দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রতারিত হন। এ ধরনের হয়রানি কমাতে আমলাতান্ত্রিক জটিলতা সহজ করার জন্যও কাজ করা হচ্ছে।

দালালদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। এতে বিদেশগামী কর্মীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে জবাবদিহির আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার সুযোগ তৈরি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পরে বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।