logo

৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা
৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা। ছবি: এশিয়া পোস্ট

মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কোরআন শরীফের ৩০ পারা নিজের হাতে লিখেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিনা সাফা। টানা ৪০ দিনের পরিশ্রমে লেখা সেই কোরআন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে সে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে কোরআন শরীফটি তুলে দেয় অরিনা।

অরিনা সাফা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। নিজের হাতে লেখা কোরআন শরীফ প্রধানমন্ত্রীকে উপহার দিতে পেরে আনন্দিত সে। অরিনা বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় কেমন লেগেছিল জানতে চাইলে অরিনা জানায়, প্রথমে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও হচ্ছিল। তবে কথা শুরু হওয়ার পর সেই জড়তা আর থাকেনি। প্রধানমন্ত্রী তার সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলেছেন।

অরিনা আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে এমন আপন করে কথা বলেছেন, যেন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলছেন। প্রথমে যে ভয় ও সংকোচ কাজ করছিল, আন্তরিক কথাবার্তায় তা কেটে যায়। পুরো অভিজ্ঞতাটি তার কাছে খুব ভালো লেগেছে।

কী ভেবে নিজের লেখা কোরআন শরীফ প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, এমন প্রশ্নে অরিনা বলে, প্রধানমন্ত্রী খুলনায় আসছেন জানতে পেরে তাকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবছিল সে। পরে মনে হয়েছে, নিজের জীবনের সেরা কাজটিই তাকে উপহার দেওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরীফের চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

উপহার দেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াতেও খুশি অরিনা। তার ধারণা, প্রধানমন্ত্রী উপহারটি পেয়ে আনন্দিত হয়েছেন। নিজের এই অর্জন ও আনন্দের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অনুসারীদেরও জানাতে চায় সে।

অরিনা বলে, ফেসবুকে আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, তাদের দেখাতে পারব যে সম্পূর্ণ কোরআন শরীফটি লিখে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি।