বগুড়ায় গ্যারেজে পড়েছিল কিশোরের মরদেহ

বগুড়ায় একটি গাড়ি সার্ভিসিং গ্যারেজের ঘর থেকে আলিফ হোসেন (১৬) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ৷
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিশিন্দারা ট্যাংকের সাকো এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের আলিফ হোসেন শহরের উত্তর কাটনাপাড়ার বাসিন্দা রিপন হোসেনের ছেলে। তার বাবা রিপন হোসেন নিশিন্দারা এলাকায় ‘রিপন গাড়ি সার্ভিসিং’ নামে একটি গ্যারেজ পরিচালনা করেন। গ্যারেজের ভেতরের একটি ছোট ঘরেই আলিফ রাতযাপন করতেন।
রিপন হোসেন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে তিনি ছেলের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ছেলের জন্য খাবার নিয়ে গ্যারেজে যান। সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আলিফ। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দীন বলেন, নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।