পাটগ্রাম সীমান্তে তিন নারীকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বর্ডার আউটপোস্ট (বিওপি) সীমান্তের ৮৩৩/৯-এস নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আজ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ভারতের বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে ওই তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফের সেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তীব্র প্রতিরোধের মুখে পড়তে হওয়ায় বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এ বিষয়ে ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন-২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, উদ্ভূত পরিস্থিতির পর বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবস্থান করা ওই নারীদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যাওয়ার জন্য বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।





