logo

ট্রাক চুরির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ট্রাক চুরির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি অনাচারের কারণে ইমাম হোসেন প্রবীরকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হলো। ​

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।

জানা গেছে, ​গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে মো. হারুন মিয়া নামে এক ব্যক্তির একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তদন্ত শুরু করে এবং ট্রাকের চালককে আটক করে। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামে ইমাম হোসেন প্রবীরের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাড়ির আঙিনা ও পাশের পুকুর থেকে চুরি হওয়া ট্রাকটির কেটে ফেলা বিভিন্ন খন্ডিতাংশ উদ্ধার করা হয়। সোমবার সকালেও পুনরায় অভিযান চালিয়ে আরও কিছু অংশ জব্দ করা হয়েছে।

বহিষ্কৃত যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমরা ওই বাড়িতে গত ১৭ বছর ধরে বসবাস করি না। পরিত্যক্ত বাড়িতে কে বা কারা এসব রেখে আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে, আমি জানি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

​বহিষ্কৃত এই নেতা ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জসিম চেয়ারম্যানের ছোট ভাই।

এ বিষয়ে ফেনী জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দিন খোন্দকার বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশে ইমাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত কি না, তদন্ত করা হচ্ছে।

​মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম ইপিজেড থানার এসআই আল আমিন মিয়া এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটি চুরি করে প্রথমে ফেনীর লালপুলে আনা হয়। সেখান থেকে সোনাগাজীর এই বাড়িতে নিয়ে এসে কেটে টুকরো টুকরো করা হয় যেন খন্ডাংশগুলো বিক্রি করা সহজ হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।