logo

পুলিশ দেখেই ব্রহ্মপুত্রে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিলল লাশ

পুলিশ দেখেই ব্রহ্মপুত্রে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিলল লাশ
লিমন। ছবি : সংগৃহীত

জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুন) ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ড্রেজার মেশিনের পাইপের কাছে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, গত ৭ জুন সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে দুই পুলিশ সদস্য স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদের তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনার পরদিন গত সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে নদের তীব্র স্রোতের কারণে প্রথম দিন লিমনের কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৬ ঘণ্টা পর আজ বুধবার সকালে নদীতে লিমনের মরদেহ ভেসে ওঠে।

নরুন্দি তদন্ত কেন্দ্রর ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, আমি সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।