logo

লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসুন

লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসুন

লড়াই করতে চাইলে রাজপথে ঘোষণা দিয়ে আসুন। আমরা আবু সাঈদদের মতো জীবন দিতে প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের নির্বাচনি প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মামুনুল হক বলেন, যদি কোনো মা-বোনের হিজাব নিয়ে টানাটানি করার দুঃসাহস দেখানো হয়, তাহলে দেশে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্য কোনো শক্তির নেই।

তিনি আরও বলেন, কোনো নেতা বা দল কিংবা জোটকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলার ১৮ কোটি মানুষের ক্ষমতার অর্থ বুঝিয়ে দেওয়ার জন্য। আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবে না।

সংখ্যালঘুদের উদ্দেশে খেলাফত মজলিসের আমির বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে যার যার হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। আমরা রাতের অন্ধকারে আপনাদের পাহারা দেব, দিনে আপনাদের সংঘ দেব। বাংলাদেশ ঐক্যবদ্ধাভাবে সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ইসলামের নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক সম্পদ যেই এলাকার, আল্লাহর ফয়সালা মোতাবেক সেই এলাকার মানুষের হক। ১১ দল সরকার গঠন করলে রশিদপুর ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস সর্ব প্রথম নবীগঞ্জ-বাহুবল হবিগঞ্জবাসীর চাহিদা পূরণ করা হবে। এরপর দেশের অন্য এলাকার চাহিদা পূরণ করা হবে।

জনসভায় হবিগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মো. মশিউর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুখলেছুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ জাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী।