কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি

কাপ্তাই হ্রদে মাছের বশংবৃদ্ধি, অবমুক্ত করা পোনার বিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণের জন্য মাছ শিকার ও আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে সব ধরনের মৎস আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
সভায় জানানো হয়, নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য নৌ ও সড়কপথে মাইকিং করা হবে, যাতে সবাই বিষয়টি জানতে পারে। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে অবতরণ করা যাবে।
তিনি বলেন, আগামী ২ মে থেকে হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে, তার জন্য অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, চলিত মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে।