যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোর শহরে আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর শহরের বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ধারাল অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পরবর্তীতে নিহতের খালাতো ভাই হাসান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই তদন্ত এবং অভিযান শুরু করেছে।



