১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র শরীফ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। শরীফের খোঁজে থানায় জিডিও করেছেন তার মা মোফাশেরা বেগম। কোথাও তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার।
গত ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও একই এলাকার রিকশা চালক করিম চৌধুরীর ছেলে।
নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে উঠে। পরে ২০ টাকা দিলে বিস্কুট কিনে খায়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।
নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ১০ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার শ্বাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে খুঁজে পেতে। এছাড়া কেউ যদি তার সন্ধান পায় কমলনগর থানায় যোগাযোগ জন্য অনুরোধ জানাচ্ছি।





