logo

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শয়ন (২৪) ওই ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি জোড়গাছা এলাকায় হাটে ব্যবসা করতেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী। 

নিহতের স্বজনেরা জানান, রাতে শয়ন জোড়গাছা পূর্বপাড়ার টগরের স’মিল এলাকায় গিয়েছিলেন। সেখানে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমিন বলেন, ‘আমি বগুড়া শহরে বাস করি। ফোনে খবর পেয়ে হাসপাতালে আসছি। এসে দেখি শাওনকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না।’

তিনি আরও বলেন, ‘এখানে আসার পর জানতে পেরেছি তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল, এমনটাও আমাদের জানা নেই।’ 

নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন এশিয়া পোস্টকে বলেন, ‘শয়ন সারিয়াকান্দির একজন একনিষ্ঠ কর্মী। তার হত্যার খবর আমরা খুবই মর্মাহত। এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, তার বুকের নিচে ছুরিকাঘাতের জখম রয়েছে। হাসপাতালর আনার পথেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার তদন্ত (পরিদর্শক) নুর আলম এশিয়া পোস্টকে বলেন, ‘জোড়গাছা এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’