logo

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
বহিষ্কাকৃত এনসিপি নেতা মো. নাজমুল ঠাকুর। ছবি: এশিয়া পোস্ট

ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির দপ্তর ও জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার ‘সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ’ প্রমাণিত হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে নাজমুল ঠাকুরকে এনসিপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে তার কাছে সত্যি মনে হয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শৃঙ্খলায় বিশ্বাসী। যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। এমনকি এটা অব্যাহত থাকবে।

ভিডিওটি সম্পর্কে বক্তব্য জানতে নাজমুল ঠাকুরের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ভিডিওটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

নাজমুল ঠাকুরের দাবি, ইটনার কিছু অমীমাংসিত বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন, যা দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও তিনি মনে করেন। তার দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটিও ওই ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও দাবি করেন, ভিডিওর ব্যক্তি তিনি নন। বিষয়টি নিশ্চিত করতে ভিডিওটি মেটাডাটা ও ফ্রেম-বাই-ফ্রেম বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যাবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন নাজমুল ঠাকুর।