logo

বাসের ধাক্কায় অটোচালক নিহত, ক্ষোভে ২ বাসে আগুন

বাসের ধাক্কায় অটোচালক নিহত, ক্ষোভে ২ বাসে আগুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এর জেরে ২ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার পর রাউজানের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা ব্রিকফিল্ড এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মুহাম্মদ নজরুল ইসলাম (৪০) উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাপ্তাই রাস্তার মাথাগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাপ্তাইগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নজরুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত সৌদিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে কর্ণফুলী পরিবহনের আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। 

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মামুন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন দেয়।