কুমিল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, ১৭ ঘণ্টা পার হলেও হয়নি মামলা

কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে হত্যা মামলার আসামি মো. আবদুল লতিফ ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে হত্যার ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা করেনি নিহতের পরিবার।
মঙ্গলবার (১২ মে) দুপুরে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক।
এর আগে সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লতিফ ভূঁইয়া ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামের বাসিন্দা ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে হত্যা করা হয়। ওই মামলার আসামি লতিফ ভূঁইয়া পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন। জামিনে বের হওয়ার পর সোমবার রাতে জহিরুল ইসলামের বড় ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন লতিফ ভূঁইয়া। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি ও কুপিয়ে গুরুতর আহত করে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
মামলার বিষয়ে নিহতের চাচাতো ভাই শাহ আলম জানান, মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সবার সঙ্গে কথা বলে মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।
তিতাস থানার ওসি মোহাম্মদ মনিরুল হক এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো মামলা দায়ের করেনি।