logo
শেরপুরে উদ্বোধনী অনুষ্ঠান

বস্তুনিষ্ঠ সংবাদেই এশিয়া পোস্ট হবে মানুষের আস্থার প্রতীক

বস্তুনিষ্ঠ সংবাদেই এশিয়া পোস্ট হবে মানুষের আস্থার প্রতীক
শেরপুর প্রেসক্লাবে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : এশিয়া পোস্ট

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এশিয়া পোস্ট।

সোমবার (১১ মে) সারা দেশের পাশাপাশি শেরপুর জেলাতেও এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টায় শহরের মাধবপুর এলাকায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের শেরপুর প্রতিনিধি শাকিল মুরাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক কলামিস্ট কাকন রেজা। দেশ টিভির শেরপুর প্রতিনিধি নাঈম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি, কার্যকরী সভাপতি কবি আব্দুর রফিক মজিদ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপের প্রতিষ্ঠাতা-সভাপতি প্রভাষক মহিউদ্দিন সোহেল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা, এখন টিভি ও বাসসের শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নিউজ২৪ টিভির শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, একাত্তর টিভির শেরপুর প্রতিনিধি তারিকুল ইসলাম, এটিএন নিউজের শেরপুর প্রতিনিধি শফিউল আলম সম্রাট, স্টার নিউজের শেরপুর প্রতিনিধি মোরাদ হোসেনসহ শিক্ষক, উদ্যোক্তা, স্বেচ্ছাসেবকরা।

প্রধান অতিথির বক্তব্যে কাকন রেজা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশে তথ্যপ্রাপ্তি সহজ হলেও বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের ঝুঁকি বেড়েছে। এ বাস্তবতায় সত্য যাচাইভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। এশিয়া পোস্ট আধুনিক চিন্তাধারা, প্রযুক্তিনির্ভর উপস্থাপনা এবং অনুসন্ধানী সাংবাদিকতার সমন্বয়ে খুব দ্রুত মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। গণমাধ্যম সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়। সাংবাদিকদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মুগনিউর রহমান মনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা। প্রতিনিয়ত অসত্য তথ্য, গুজব ও অপসাংবাদিকতা সমাজকে বিভ্রান্ত করছে। বস্তুনিষ্ঠ সংবাদই মানুষের আস্থা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম এবং একটি সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপের প্রতিষ্ঠাতা-সভাপতি প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই বিশ্বে মানুষ দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ জানতে চায়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। একটি সঠিক সংবাদ যেমন সমাজকে আলোকিত করতে পারে, তেমনি বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজের দর্পণ, মানুষের কণ্ঠস্বর এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। তাই বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা পরিচালনা করা জরুরি। একইসঙ্গে উন্নয়ন, সংস্কৃতি, শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে ‘এশিয়া পোস্ট’ এর সাফল্য কামনা করে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।