logo
Advertisement

পাবনায় বিএনপি নেতা হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পাবনা
পাবনায় বিএনপি নেতা হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার ইরাদুল ইসলাম। ছবি : র‌্যাব সূত্রে পাওয়া

পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইরাদুল ইসলাম (৫৫) আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে (৬০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহত আদম আলী মোল্লা একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোমবার একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলা করেছেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।