ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ৩ চোরাকারবারি আটক

ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-কাপড়সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহের উত্তর পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন—জয়নাল হোসেন জুনায়েদ (৩০), সাজ্জাদ হোসেন অভি (২০) ও মাইনউদ্দিন মাছুম (২৬)। তারা সকলেই ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পিকআপটির ভেতর থেকে সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ভারতীয় শাড়ি-কাপড়ের চালানটি সীমান্ত পার করে ফেনী নদী দিয়ে বোটযোগে দেশে আনা হয়েছিল। পরে পিকআপে লোড করে মালামালগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের এশিয়া পোস্টকে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

