বগুড়ায় প্রথমবার এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় প্রথমবার এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি
অস্ত্রোপচারে যুক্ত থাকা চিকিৎসকদল। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ায় প্রথমবারের মতো কোমরের ডিস্কজনিত সমস্যা আক্রান্ত এক রোগীর সফল এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি (অস্ত্রোপচার) হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকার প্রভাতী ক্লিনিকে অস্ত্রোপচারটি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচার করা রোগীর নাম বেলাল। তার বাড়ি সিরাজগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি তীব্র কোমরব্যথায় ভুগছিলেন। ব্যথার পাশাপাশি দুই পায়ে অবশভাব ও ঝিনঝিনি অনুভূতি ছিল। তাছাড়া অনুভূতিশক্তি কমে যাওয়ার কারণে স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মে সমস্যায় পড়েন। অস্ত্রোপচারের পর তিনি অনেকটা সুস্থ রয়েছেন।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) স্পাইন সার্জন ডা. রাইহান রনি। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. মো. গোলাম মোস্তফা রাব্বী। সহযোগিতা করেন টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহারুল ইসলাম। তিনজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

চিকিৎসকদের ভাষ্য, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে শরীরে বড় ধরনের কাটাছেঁড়া করতে হয় না। রক্তপাত কম হয়, অস্ত্রোপচারের পর ব্যথাও তুলনামূলক কম থাকে। রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় প্রায় এক কোটি টাকা মূল্যের আধুনিক এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা নিয়ে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল বগুড়ায় আসে। তাদের সহযোগিতায় অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।

অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মো. গোলাম মোস্তফা রাব্বী বলেন, এত দিন এ ধরনের অস্ত্রোপচারের জন্য উত্তরাঞ্চলের রোগীদের ঢাকায় যেতে হতো। এখন বগুড়াতেই এই আধুনিক চিকিৎসাসেবা শুরু হয়েছে। এতে রোগীদের সময় ও ভোগান্তি কমবে। ঢাকার তুলনায় কম খরচে এই সেবা নেওয়ার সুযোগ তৈরি হবে।

ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের অস্ত্রোপচার চালু রাখা গেলে উত্তরাঞ্চলের মানুষের জন্য এটি বড় ধরনের সুফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিষয় :বগুড়া