logo

অবশেষে বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান, তারিখ চূড়ান্ত

অবশেষে বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান, তারিখ চূড়ান্ত

কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, তারেক রহমানের রাজনৈতিক সফরের শিডিউল সমন্বয়কারী তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সফরের নতুন তারিখ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, যাতায়াতের চূড়ান্ত মাধ্যম এখনো নির্ধারিত হয়নি। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন, এমনটাও জানা গেছে। যদিও তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে সফরকে ঘিরে প্রস্তুতি জোরদার করতে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরে সেই তারিখও বাতিল করা হয়, তবে নতুন দিন ঘোষণা করা হয়নি। এবার অবশেষে তারিখটি স্থির হলো।

সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে ছিলেন।

প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন, যা নিয়ে স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।