হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছ নমুনা ডিম ছেড়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর কয়েকটি পয়েন্টে এসব ডিম পাওয়া যায়। মা মাছের এই ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে মূল প্রজনন মৌসুমের চূড়ান্ত ক্ষণ শুরু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভাটার সময় এবং দুপুরে জোয়ারের সময় হাটহাজারীর গড়দোয়ারা নয়াহাট, রাউজানের পশ্চিম গুজরা আজিমের ঘাট ও নাপিতের ঘাট এলাকায় মা মাছ সামান্য ডিম ছাড়ে। কোনো কোনো সংগ্রহকারী ১০০ থেকে ২০০ গ্রাম ডিম পেয়েছেন। তবে দুপুরে কোনো কোনো জেলে এক থেকে দেড় কেজি পর্যন্ত ডিম পাওয়ার দাবি করেছেন।
রাউজান ও হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, প্রতি বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত হালদায় কার্পজাতীয় মাছের প্রজনন মৌসুম চলে। জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৫০০-৭০০ ডিম সংগ্রহকারী বর্তমানে নদীর পাড়ে অপেক্ষায় রয়েছেন। গত বছর এ নদী থেকে ১৪ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল, যদিও ২০২০ সালে এর পরিমাণ ছিল রেকর্ড ২৫ হাজার কেজি।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিস্থিতি এবং অমাবস্যা-পূর্ণিমার জোয়ার মা মাছের চূড়ান্ত ডিম ছাড়ার ক্ষেত্রে প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে।
হালদা গবেষক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনজুরুল কিবরিয়া জানান, পুরোদমে ডিম ছাড়ার আগে মা মাছেরা বজ্রপাত বা পানির চাপে কিছু নমুনা ডিম ছাড়ে। এটি মূলত বড় আকারের ডিম ছাড়ার আগাম ইঙ্গিত।
রাউজান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ তফজ্জল হোসাইন জানান, তাদের টিম নদী এলাকায় অবস্থান করছে এবং সংগ্রহকারীদের সহযোগিতা দিচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে আজই মা মাছ পুরোদমে ডিম ছাড়তে পারে।
.png)

