পলাতকরা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার: বিজিবি

যে কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।
সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে কথা বলেন তিনি।
কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও দেশ থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়া ঠেকানো হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে নাসির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। এতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
বিজিবির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ-ইন থেকে প্রতিহত করা হয়েছে। এ ছাড়া চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের ঝুঁকিতে থাকা ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
