logo

বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাগনেরও

বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাগনেরও

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামা-ভাগনে।  

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—বাগানমাঠ গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫১) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। সে সময় সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হয়। সে সময় তার পাশের জমিতে থাকা ভাগনে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুজনই মারা যায়। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

একই গ্রামের কৃষক আসাদুল ইসলাম বলেন, আমি অন্য মাঠে কাজ করছিলাম। লোকজনের ছোটাছুটি দেখে দৌড়ে এসে দেখি দুজনের মরদেহ পড়ে আছে। তারা আপন চাচাতো মামা-ভাগনে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার শরীরে স্পর্শ করলে রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশের জমিতে কাজ করা তার ভাগনে নুর আলম ঘটনাটি দেখে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে দুজন ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান এশিয়া পোস্টকে বলেন, মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত মোটরের লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় মামা-ভাগনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।