logo
Advertisement

খাবার খেয়ে পরিবারের সদস্যরা অসুস্থ, হাসপাতালে যাওয়ার পর বাড়িতে চুরি

খাবার খেয়ে পরিবারের সদস্যরা অসুস্থ, হাসপাতালে যাওয়ার পর বাড়িতে চুরি
ঘরের মেঝেতে এলোমেলো জিনিসপত্র। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় খাবার খাওয়ার পর এক পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের ফাঁকা বাড়িতে চুরির খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাতে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় দৌলতপুর উপজেলার কল্যাণপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলীর বাড়িতে ঘটনাটি ঘটে বলে পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

তারা আরও জানান, খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলে শুক্রবার সন্ধ্যায় রমজান আলীসহ তার মা বেদেনা বেগম, স্ত্রী জাহানারা আক্তার, সন্তান রাইয়ান হোসেন, রিদোয়ান হোসেন ও মাইশা আক্তারকে হাসপাতালে নিয়ে প্রতিবেশীরা। শনিবার সকালে জানা যায় শুক্রবার রাতে তাদের দুটি ঘরের তালা ভেঙে কাঠ ও স্টিলের আলমারি, ওয়্যারড্রব, লেপ-তোষকসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। ঘর থেকে কিছু টাকা ও রৌপ্যের জিনিস চুরি করে নিয়ে যায়।

শিক্ষক রমজান আলী বলেন, খাবারের সঙ্গে কোনো চেতনানাশক দ্রব্য মেশানো হয়েছিল বলে আমাদের ধারণা। পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। সকালে বাড়িতে ফিরে দেখি প্রধান ফটক ও ঘরের তালা ভাঙা এবং মালামাল এলোমেলো। আমরা হাসপাতালে থাকার সুযোগে দুর্বৃত্তরা চুরি করেছে।

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের ছয় সদস্য কীভাবে অসুস্থ হয়েছেন এবং তাদের অসুস্থতার সঙ্গে চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।