কুষ্টিয়ায় এক কুকুরের কামড়ে আহত ৪২

কুষ্টিয়ার কুমারখালী পৌর শহরে একটি ক্ষিপ্ত (পাগলা) কুকুরের কামড় ও আঁচড়ে অন্তত ৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনার পর পুরো কুমারখালী শহরে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত কুকুরটি আটক করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জলাতঙ্কের প্রতিষেধক (টিকা) দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা, আহত ব্যক্তি ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি কুকুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। কেউ বাড়ি ফিরছিলেন, কেউ রাস্তায় হাঁটছিলেন, আবার কেউ বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলেন। হঠাৎ কুকুরটি তাদের ওপর হামলে পড়ে কামড়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই আহতদের স্বজনেরা তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অল্প সময়ের মধ্যেই একের পর এক আহত ব্যক্তি হাসপাতালে আসতে থাকেন। মাত্র ৪০ মিনিটের মধ্যে ২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে পৌঁছান। পরবর্তীতে আরও অনেকে আসায় মোট আহতের সংখ্যা অন্তত ৪২ জনে দাঁড়ায়।
চিকিৎসকেরা জানান, কুকুরের কামড়ে আহতদের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে পরিষ্কারের পাশাপাশি পর্যায়ক্রমে জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত রোকন জানান, তিনি হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি কুকুর এসে তার হাঁটুতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, হাসপাতালে এসে দেখছি চারদিক থেকে কুকুরের কামড়ে আহত মানুষ আসছেন। দ্রুত কুকুরটি শনাক্ত করে আটক করা না গেলে আরও অনেকেই আক্রান্ত হতে পারেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুপর্ণা লতিফ আহমেদ বলেন, আমরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করছি। তবে একই সময়ে একটি কুকুরের এতগুলো মানুষকে কামড়ানোর ঘটনা নজিরবিহীন।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাভিদ সারওয়ার জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কুকুরটি আটক করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।
