logo

দেড় মাস আগে ছেলে খুন/বাড়ির সামনে বসে ছিলেন বৃদ্ধ, গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা

বাড়ির সামনে বসে ছিলেন বৃদ্ধ, গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা
মানচিত্রে খুলনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

খুলনার রূপসা উপজেলায় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় আক্তার ঢালী নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে, গত ১৫ আগস্ট রাতে একই এলাকায় কুপিয়ে খুন করা হয় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় বৃদ্ধের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি বেঞ্চে বসে ছিলেন আক্তার ঢালী। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মী মোরাদ জানান, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ার দিকে গুলির আঘাত রয়েছে। একটি মূল গুলির আঘাতের পাশাপাশি শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে। শটগান থেকে গুলি করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রূপসার শহীদের মোড় এলাকায় দূর্জনীমহলের সামনে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীর ওপর হামলা চালায় চার থেকে পাঁচজনের একটি দল। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

দুটি হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আক্তার ঢালীকে গুলি করা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।