logo
Advertisement

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৬

এশিয়া পোস্ট নিউজ,ফেনী
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৬
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

শুক্রবার (২৬ জুন) সকালে ফেনী শহরের সহদেবপুর মৌলভীবাজার রেলক্রসিং এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনীর সোনাগাজীর পূর্ব সুজাপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. রাজিব (১৯)ও আবদুর মান্নানের ছেলে মো. মাঈন উদ্দিন প্রকাশ সোহাগ মিয়া (২৫); চরখোয়াজ গ্রামের শেখ ফরিদের ছেলে মো. আলমগীর (১৯), আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম ইসলাম রিয়াজ (১৯) ও নুর নবীর ছেলে মো. নাহিদ রানা (২০) এবং লক্ষ্মীপুরের রামগতির দক্ষিণ টুমচর গ্রামের মো. মোস্তফার ছেলে মো. জুয়েল ইসলাম (২০)।

জানা যায়, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে সকালে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সোনাগাজী ও রামগতি এলাকার বাসিন্দা ৬ যুবককে আটক করা হয়।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টার অভিযোগে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয় :