logo

সড়কে পড়ে ছিল পোশাককর্মীর মরদেহ

সড়কে পড়ে ছিল পোশাককর্মীর মরদেহ

বগুড়ার কাহালুতে আঞ্চলিক মহাসড়ক থেকে নয়ন ইসলাম (২৪) নামে এক পোশাক কারখানার কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের মাথা থেঁতলানো ছিল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুরইল ইউনিয়নের বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিমানবন্দর গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

নয়ন ইসলাম বগুড়ার সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের পারদেব ডাঙ্গা এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকার এমকে ফ্যাশন ওয়্যার নামে একটি প্রতিষ্ঠানে অপারেটর পদে চাকরি করতেন। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকালে বিমানবন্দর গেট সংলগ্ন রাস্তায় কোনো একটি গাড়ির সংঘর্ষের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কাহালু থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

ওসি বলেন, নয়ন মুরইল এলাকায় কেন গিয়েছিলেন এবং কীভাবে দুর্ঘটনা হলো তা আমরা এখনও জানতে পারিনি। তবে দুর্ঘটনায় তার মাথা থেঁতলে গেছে। নিহতের মরদেহ এখন কাহালু থানায় আছে। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।