logo

চট্টগ্রামে শপিংমলে আগুন, ধোয়ায় দুজনের মৃত্যু

চট্টগ্রামে শপিংমলে আগুন, ধোয়ায় দুজনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজার এলাকায় কেবি আর্কিড প্লাজা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় শ্বাসবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় একজন হাসপাতালে আছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে ওই তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন মোহাম্মদ ইউনুস ও সোলাইমান। তারা দুজনই পটিয়ার বাসিন্দা এবং পেশায় দর্জি। আর মামুন নামে একজন চিকিৎসাধীন আছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেবি আর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, টেরিবাজারে আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনজনই ধোয়ায় শ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। মামুন নামে একজনকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।