নবজাতককে বিক্রিতে বাধা দেওয়ায় বাকপ্রতিবন্ধী স্ত্রীকে খুন

চট্টগ্রামের দোহাজারীতে ১২ দিনের নবজাতক কন্যাশিশুকে বিক্রিতে বাধা দেওয়ায় সালমা আকতার নামে এক বাকপ্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার মধ্যরাতে দোহাজারী পৌরসভার জামিরজুরী ঘোড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বামী নুরুল হুদার বিরুদ্ধে এর আগেও দুই সন্তানকে বিক্রির অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী নুরুল হুদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা বাকপ্রতিবন্ধী সালমা আকতারকে বাড়িতে এনে বউ পরিচয় দিয়ে সংসার শুরু করেন। কিন্তু সালমার বাড়ি কোথায় তা কাউকে বলেননি। তাদের সংসারে পর পর চার কন্যাশিশু জন্ম নেয়। চারজনের মধ্যে দুজনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে নুরুল হুদার বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন, ইভটিজিং, চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে।
সর্বশেষ ১২ দিন আগে জন্ম নেওয়া শিশুটিকে বিক্রি করতে চাইলে বাধা দেন সালমা আকতার। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে তাকে মারধর করেন নুরুল হুদা। গতকাল রাতে মারধরের একপযার্য়ে সালমার চিৎকার শুনে শাশুড়ি গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সোমবার সকালে নুরুল হুদার পরিবার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চুপচাপ মরদেহ দাফন করতে চাইলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী নুরুল হুদা পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।