logo

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছাবার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

আর আগে উদযাপন উপলক্ষে নিজ জেলা কক্সবাজারে পৌঁছান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২০ মার্চ) রাত ৮টায় তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ তার সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান, তিনি আগামী রোববার কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শনে যাবেন। পাশাপাশি সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের অবৈধ স্থাপনা না রাখার নির্দেশনাও দেন।

পরে তিনি হিলটপ সার্কিট হাউসে অবস্থান নেন এবং সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। রাত ১০টার দিকে তিনি গাড়িযোগে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশে রওনা হন।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার দ্বিতীয় কক্সবাজার সফর। তিন দিনের এই সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় পেকুয়া ঈদগাহ মাঠে তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজ বাসভবনে স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার দুপুর ১২টায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ দিনে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।