Advertisement

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা আক্তার (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে শমশের আলীর বেগুনখেতে ছিল শরীফা ও মাহমুদুল। কিছুক্ষণ পর তারা সেখান থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে খেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে মাহমুদুল পুকুরে পড়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে বড় বোন শরীফাও পুকুরের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানা থাকায় একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় :ময়মনসিংহ