গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ (৯) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে এবং জুনাইদ (৯) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে। ইউসুফ ও জুনাইদ স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাবা-মা শ্রীপুরের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করেন।
নিহতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে বসবাস এবং একই স্কুলে পড়ার সুবাদে পরস্পরের বন্ধু ছিল। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও তাদের বাবা-মা শিশুদের স্কুলে পাঠিয়ে কারখানায় কাজে যান। স্কুল থেকে বাড়ি ফিরে ইউসুফ ও জুনাইদ খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে ইউসুফের জুতা দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই পুকুরে তল্লাশি চালান। সন্ধ্যার দিকে তারা পুকুরের পানি থেকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, দুই শিশু নিখোঁজের খবর পেয়ে স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


