সিলেটে এবার ছিনতাইকারীর হামলার শিকার সাংবাদিক

সিলেটে এবার ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন রায়হান উদ্দিন নামে এক সাংবাদিক। তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) ভোরে নগরের তেমুখী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৫ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সাংবাদিক রায়হান উদ্দিন দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য।
জানা যায়, শনিবার ভোরে বাসযোগে ঢাকা থেকে সিলেটে ফিরছিলেন রায়হান উদ্দিন। নগরের টুকের বাজার এলাকার তেমুখী ব্রিজ পার হয়ে বাস থেকে নামেন তিনি। এরপর বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট থ-১১-৩২১৬) তিনজন দুর্বৃত্ত তাকে ধরে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, আমি বর্তমানে আহত সাংবাদিককে দেখতে ওসমানী হাসপাতালে এসেছি। বিস্তারিত জেনে জানাচ্ছি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।