logo
Advertisement

পানি নামতেই ঝুলন্ত সেতুতে নিষেধাজ্ঞা ভেঙে পর্যটকদের ভিড়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রাঙামাটি
পানি নামতেই ঝুলন্ত সেতুতে নিষেধাজ্ঞা ভেঙে পর্যটকদের ভিড়
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ঝুলন্ত সেতুতে নিষেধাজ্ঞা ভেঙে পর্যটকদের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় টানা চার দিন প্লাবিত থাকার পর অবশেষে দৃশ্যমান হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। তবে সংস্কারকাজ চলায় আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত না করা সত্ত্বেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুতে পর্যটকদের ভিড় জমতে দেখা গেছে।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে পানি নামতে শুরু করায় সেতুটির পাটাতন ভেসে ওঠে।

পর্যটন করপোরেশন সূত্রে জানা যায়, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানির স্তর বেড়ে গত ২৯ আগস্ট ঝুলন্ত সেতুটি পুরোপুরি তলিয়ে যায়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল কতৃর্পক্ষ। শুক্রবার সকাল থেকে পানি নামতে শুরু করায় বর্তমানে এটি নিরাপদ ও চলাচলের উপযোগী করতে সংস্কার ও ধোয়ামোছার কাজ চালাচ্ছে পর্যটন কর্তৃপক্ষ।

এদিকে ঝুলন্ত সেতু ভেসে ওঠার খবর পেয়ে আনুষ্ঠানিক খোলার অপেক্ষা না করেই সেখানে ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। অনেকেই নিষেধ না মেনে সেতুর ওপর হেঁটে বেড়াচ্ছেন এবং ছবি তুলছেন।

শুক্রবার সকাল থেকে পানি নামতে শুরু করায় রাঙামাটির ঝুলন্ত সেতুটির পাটাতন ভেসে ওঠে। ছবি : এশিয়া পোস্ট
শুক্রবার সকাল থেকে পানি নামতে শুরু করায় রাঙামাটির ঝুলন্ত সেতুটির পাটাতন ভেসে ওঠে। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা থেকে আসা দর্শনার্থী মো. সাকিব বলেন, রাঙামাটিতে এসে শুনেছিলাম ঝুলন্ত সেতু পানির নিচে, তখন বেশ মন খারাপ হয়েছিল। তবে এখন সংস্কারকাজের মধ্যেই সেতুতে হাঁটতে পেরে দারুণ লাগছে।

কুমিল্লা থেকে আসা জিনায়াত আক্তার জানান, ডুবে থাকা সেতু দেখার প্রস্তুতি নিয়ে এলেও সেতু দৃশ্যমান হওয়া এবং সেটিতে ঘুরে বেড়াতে পেরে ভ্রমণ সার্থক হয়েছে। প্রথমবার বন্ধুদের সঙ্গে রাঙামাটিতে এসে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসরাত ফারিয়া।

টানা চার দিন সেতু ডুবে থাকায় পর্যটক সমাগম কমে গিয়ে ক্ষতির মুখে পড়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে সেতু ভেসে ওঠায় এখন দ্রুতই পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন রাঙামাটি পর্যটন বোট ঘাটের ইজারাদার মো. ফখরুল ইসলামসহ স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি আরও কমে গেলে এবং প্রয়োজনীয় ধোয়ামোছা ও সংস্কারকাজ সম্পন্ন হলে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি সাপেক্ষে সেতুটি পর্যটকদের চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে।