ডিসেম্বরে আ.লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিচ্ছে। গত আট মাসে মামলার বিচারের ক্ষেত্রে সরকার আপস না করলে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মাঠে থাকব, জনগণও মাঠে থাকবে।’
শুক্রবার (৬ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে এ সভার আয়োজন করে জয়পুরহাট জেলা এনসিপি। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।
সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।
এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
