ময়মনসিংহ/মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা ও ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দায়ের করা হামলার মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিন নেতা হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, দ্রুত বিচার আইনের মামলায় আদালতে হাজিরা দিতে এলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি খামারে লেয়ার মুরগি লালনপালন করা হচ্ছে। মাছের খাবার হিসেবে ব্যবহৃত এই মুরগির বিষ্ঠার ভাগ নেওয়াকে কেন্দ্র করে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনার পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে আদালত আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
.png)


