সিম বিক্রির আড়ালে অ্যাকাউন্ট জালিয়াতি, রবি-সারকেলের ৩ ব্র্যান্ড প্রমোটার আটক

পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নে ১০ টাকায় সিম বিক্রির আড়ালে গোপনে নগদ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মোবাইল অপারেটর রবি ও সারকেলের তিন ব্র্যান্ড প্রমোটারকে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বলেয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়ায় নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান।
আটক ব্যক্তিরা হলেন— ঠাকুরগাঁও জেলার বাসিন্দা আবু নাইয়ান নাহিদ ও রবিউল ইসলাম এবং পঞ্চগড় শহরের জালাসী এলাকার ওমর ফারুক বাবু।
স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে বন্দরপাড়াসহ আশপাশের এলাকায় ১০ টাকায় রবির সিম বিক্রির কাজ করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। এসময় সিম ক্রয়ের শর্ত হিসেবে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেওয়া হয়। অভিযোগ উঠেছে, গ্রাহকদের অজান্তেই ওই তথ্য ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল।
ভুক্তভোগীদের দাবি, সিম কেনার পরপরই তাদের ব্যক্তিগত নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কারো কারো অ্যাকাউন্টে থাকা জমানো টাকা তুলে নেওয়া হয়। পরবর্তীতে তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা পঞ্চগড়ে নেই বলে জানান। সন্দেহ হওয়ায় স্থানীয় তরুণরা নতুন সিম কেনার কথা বলে প্রতারক চক্রটিকে বলেয়াপাড়া এলাকায় ফাঁদে ফেলে আটক করে।
ভুক্তভোগী রাজিয়া খাতুন বলেন, ১০ টাকায় সিম দেওয়ার নাম করে তারা আমাদের আঙুলের ছাপ নেয়। ওরা চলে যাওয়ার পরপরই আমাদের নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কোনো কোনো অ্যাকাউন্টে জমানো টাকা ছিল, সেগুলোও তুলে নেওয়া হয়েছে।
আরেক ভুক্তভোগী শাহপরান জানান, মোবাইল কোম্পানির গাড়িতে এসে তারা চোখ ও মুখের ছবি তুলে বলছিল এলাকায় নেটওয়ার্ক টাওয়ার বসানো হবে। কিন্তু তারা চলে যেতেই সবার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধের খবর আসে। এনআইডির সব তথ্য এখন ওদের কাছে, পরবর্তীতে কোনো অপরাধ হলে সেই দায় কে নেবে?
কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, এটি এক ধরনের নব্য অনলাইন প্রতারণা। সহজ-সরল মানুষকে ঝুঁকিতে ফেলে তারা বড় ধরনের অপরাধের পরিকল্পনা করছিল। এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এশিয়া পোস্টকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


