logo

শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিকারীদের নিয়ে ডিআইজির কঠোর বার্তা

শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিকারীদের নিয়ে ডিআইজির কঠোর বার্তা
জামগড়ায় একটি কারখানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। ছবি : এশিয়া পোস্ট

শ্রমিক আন্দোলনের নামে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে আশুলিয়া-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় একটি কারখানার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন উপস্থিত ছিলেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কার্যক্রম শুরু করেছে। আইনগতভাবে মজুরির বিষয়টি সরকার দেখছে। এরপরও যারা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের শ্রমিক আন্দোলনকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

শ্রমিকদের নির্বিঘ্নে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ শ্রমিকদের পাশে রয়েছে। একই সঙ্গে কারখানা স্বাভাবিকভাবে পরিচালনার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ডিআইজি।

পুলিশের গুলিতে এক শ্রমিকের মৃত্যুর খবরকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ডিআইজি বলেন, একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গত চার দিন ধরে কয়েকটি নির্দিষ্ট ফেসবুক গ্রুপ ও পেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখান থেকে রাতে পরদিন নির্দিষ্ট স্থানে আন্দোলনের ঘোষণা দিয়ে উসকানি দেওয়া হচ্ছে। গুজব ছড়ানো ও উসকানি দেওয়ার সঙ্গে শ্রমিকনেতা বা অন্য যে কেউ জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান ডিআইজি। পোশাক কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুরের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মাঠপর্যায়ে বিভিন্ন স্থান থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। সন্ধ্যার পর সংশ্লিষ্ট তথ্য সমন্বয় করে মোট গ্রেপ্তারের সংখ্যা জানানো হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট