অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়ি ফরিদপুরে এবার হানা দিয়েছে চোর। শহরের পশ্চিম আলীপুরে রাতে তার ‘কামরাঙ্গা’ নামের বাসভবন থেকে বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু।
জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাতে দীর্ঘদিন পর ফরিদপুরের ‘কামরাঙ্গা’ বাড়িতে ফেরেন অভিনেতা ফজলুর রহমান বাবু। বাড়িতে ঢুকে বিদ্যুতের লাইট জ্বালাতে গিয়ে দেখেন, কোনো আলো জ্বলছে না। বিষয়টি প্রথমে বিদ্যুৎ সংযোগের সমস্যা মনে হলেও বাইরে গিয়ে তিনি দেখতে পান, মেইন লাইনের তারই নেই। পরে বাড়ির ছাদে গিয়ে দেখেন, এসির তারও কেটে নিয়ে গেছে চোরেরা। বাড়ির বাইরে থাকা আরও বেশ কিছু মালামালও খুঁজে পাওয়া যায়নি।
ফজলুর রহমান বাবু জানান, পুরো পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকেন। তবে জন্মভূমির প্রতি টান থেকেই মাসে এক-দুইবার ফরিদপুরের এই বাড়িতে ছুটে আসেন। প্রায় ২০ থেকে ২৫ দিন আগেও তিনি দুদিনের জন্য বাড়িতে এসেছিলেন। এরপর আবার ঢাকায় ফিরে যান।
তিনি বলেন, ‘কামরাঙ্গা’ তার জন্মস্থান। চারদিকে দেয়ালঘেরা বাড়িটির ভেতরে রয়েছে দোতলা ভবন ও বাগান। একসময় যেখানে নিশ্চিন্তে এসে সময় কাটাতেন, সেখানেই এখন চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তার মনে।
ফজলুর রহমান বাবুর অভিযোগ, স্থানীয় মাদকসেবীদের একটি অংশ নেশার টাকা জোগাড় করতে এ ধরনের চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। শুধু তার বাড়ি নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
আক্ষেপ করে এই অভিনেতা বলেন, আগে তার এলাকায় এমন পরিস্থিতি ছিল না। নিশ্চিন্তে বাড়িতে আসা-যাওয়া করা যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এখন অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যেই থাকতে হচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।



