পরীক্ষায় ভালো নম্বরের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব অধ্যক্ষের

রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে মুঠোফোনে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন অভিযুক্ত শিক্ষক। তবে ছাত্রীটি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষককে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ২৯ জুলাই অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
অভিযোগকারী ছাত্রী বলেন, বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। তিনি শিক্ষকতার যোগ্যতা হারিয়েছেন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে মো. আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানান।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






