স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. সামির হোসেন কারামুক্ত

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. সামির হোসেন কারামুক্ত
ডা. সামির হোসেন মিশু। ছবি: সংগৃহীত

বগুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Advertisement

সোমবার (২৯ জুন) সকালে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী তানজীম আল মিজবাহ।

তিনি জানান, রোববার বগুড়া জেলা জজ আদালতে ডা. সামির হোসেনের জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন দেন। সোমবার সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন।

এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদর এলাকার মকটেল নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় হওয়া জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন সে সময় জানান, শেরপুর সদরের ওই রেস্তোরাঁয় এক চিকিৎসকের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিতে বগুড়া থেকে যান ডা. সামির হোসেন। খবর পেয়ে বিএনপির কিছু সমর্থক রেস্তোরাঁটির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

ডা. সামির হোসেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।

বগুড়ায় দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত থাকায় স্থানীয়ভাবে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত।

বিষয় :বগুড়া