logo
Advertisement

হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ১০ মাসের শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ময়মনসিংহ, ময়মনসিংহ
হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ১০ মাসের শিশুর মৃত্যু
মায়ের কোলে থাকা এক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে হাসপাতালে ৭২ শিশুর মৃত্যু হলো।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ সদর উপজেলা থেকে গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার পর ১০ মাসের শিশু মেয়েটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটি হামের উপসর্গ, নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে মারা যায়।

মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন আরও ২২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৯৩ শিশু।

ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে তিন হাজার ৯৮৩ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে তিন হাজার ৮১৮ শিশু।

তিনি আরও জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেকে শিশুদেরকে জরুরি মুহুর্তে নিয়ে আসে। তাদেরকে সুস্থ করা কঠিন হয়ে পড়ে। হামের উপসর্গ দেখা দিলে শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে এবং হাসপাতালে নিয়ে আসতে হবে।